Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নেপালে কাদামাটির নিচে থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

যে বৃদ্ধাশ্রমে থাকতেন, তার আর কিছুই অবশিষ্ট নেই। পানি আর কাদামাটির প্রবল স্রোত এসে সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। 

ওপরে জমেছে কাদার পুরু স্তর। তার নিচেই আটকে ছিলেন ৯৭ বছরের গুনা মায়া বোহারা। দীর্ঘক্ষণের চেষ্টায় নেপালি সেনা তাকে উদ্ধার করেছে। আপাতত হাসপাতালে রয়েছেন বৃদ্ধা।

রাসুয়া জেলায় বৃদ্ধাশ্রমে থাকতেন গুনা। তার পরিবারের সদস্যেরা, নাতি-নাতনিরা থাকেন কাঠমান্ডুতে। রাসুয়ায় আকস্মিক বন্যার খবর পেয়েই তারা বৃদ্ধার খোঁজ করতে গিয়েছিলেন। 

কিন্তু বৃদ্ধাশ্রমটি ভেসে গিয়েছে দেখে আর এগোতে সাহস পাননি। পরে তার দু’জন গাছের সঙ্গে দড়ি বেঁধে বৃদ্ধাশ্রমের কাছাকাছি যান এবং বুঝতে পারেন, ভিতরে কেউ আটকে আছেন। 

উদ্ধারের জন্য নেপালি সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন গুনার নাতিরা। প্রায় চার ঘণ্টা ধরে কাদামাটি সরিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে ৯৭ বছরের বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।

গুনার নাতি দীপক বোহারা জানান, তার দিদিমা ‘যোদ্ধা’। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জিতে ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে এসেছেন। 

আরও পড়ুন: 

তার কথায়, ‘আমার ভাই এবং ছেলে গাছের সঙ্গে দড়ি বেঁধে কোনও রকমে ঝুলে ঝুলে বৃদ্ধাশ্রমের ধ্বংসাবশেষের কাছাকাছি গিয়েছিল। ওরাই বলল, দিদা বেঁচে আছেন! তবে অনেকেই মারা গিয়েছেন। তার পর আমরা তাকে উদ্ধারের ব্যবস্থা করি।

ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধাকে উদ্ধারের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, উদ্ধারকারীদের পেলোডারের সামনে বসে আছেন গুনা। 

তার সারা গায়ে কাদা লেগে, ছিঁড়ে গিয়েছে পোশাক। পাথরের মতো কঠিন দৃষ্টিতে তিনি সামনের দিকে চেয়ে আছেন। দেখছেন ধ্বংসস্তূপের বহর। 

_nepal-6

নেপালের বিপর্যয়ে উদ্ধারকাজের মুখ হয়ে উঠেছেন তিনি। তাকে দেখে আশা জাগছে নিখোঁজদের পরিজনদের মনেও।

কীভাবে কাদামাটির নিচে চাপা পড়েও বেঁচে গেলেন? বান আসার মুহূর্তেই বা কী হয়েছিল? বলতে পারেননি বৃদ্ধা। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

গত বুধবার (২৭ আগস্ট) সকালে নেপাল-তিব্বত সীমান্তের কাছে রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আকস্মিক এক ভয়ংকর বন্যা আসে। 

কাদামাটি ও পানির স্রোত গ্রামের পর গ্রাম, মানুষজন, রাস্তাঘাট, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৬৯। নিখোঁজ ২৩০০-র বেশি মানুষ।

-এমএমএস