Dhaka Mail Logo

আন্তর্জাতিক / বিনোদন

সাইফের ওপর হামলা, দেড় বছর পর দায় স্বীকার ‘বাংলাদেশি’র

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে দায় স্বীকার করেছেন বাংলাদেশি দাবি করা মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস। 

২০২৫ সালের জানুয়ারিতে বান্দ্রায় সাইফের বাড়িতে প্রবেশ করেন শরীফুল। ওই সময় দেখে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে বলিউড অভিনেতার ওপর হামলা চালান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ঘটনার পর শরীফুলকে পুলিশ গ্রেফতার করে আদালতে নিয়ে গেলে ওই সময় তার দাবি ছিল, তিনি সাইফের বাড়িতে যাননি এবং তার ওপর কোনো হামলাও চালাননি। তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।

তবে শুক্রবার (২৮ আগস্ট) আদালতের কাছে শরীফুল স্বীকার করেন, ‘আমি সাইফের ওপর হামলা চালিয়েছিলাম। এরসঙ্গে তিনি শাস্তি কম দিতেও আদালতে অনুরোধ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার (২৯ আগস্ট) জানিয়েছে, শরীফুলকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সেটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, শরীফুলের বিরুদ্ধে হওয়া মামলা একদমই প্রাথমিক অবস্থায় আছে। সম্প্রতি এটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যেই শরীফুল তার অপরাধ স্বীকার করলেন।

শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি যে অপরাধ করেছেন তার জন্য অনুতপ্ত। এ কারণে নিজের দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে কম শাস্তির আবেদন করেছেন।

শুক্রবার বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে শরীফুলকে তোলা হয়।

২০২৫ সালের ১৬ জানুয়ারি বান্দ্রাতে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ঘটনার দুই দিন পর থানে থেকে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। 

পরবর্তীতে জানানো যায়, ওই ব্যক্তির নাম শরীফুল। তিনি বাংলাদেশের নাগরিক। তবে বিজয় দাস ছদ্মনামে ভারতে বসবাস করছিলেন।

-এমএমএস