Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দেওয়ার আগে পিওকের স্বাধীনতার দাবি জানানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শুভেন্দু। সেখানে ১০ হাজার মানুষ একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষের পর জাতীয়তাবাদের চেতনা জোরদারের লক্ষ্যেই তিনি এই অনুষ্ঠানের ডাক দেন বলে জানান। 

শুভেন্দু বলেন, তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? কেন? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো… মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হুমকির সংস্কৃতি’ বন্ধের সময় এসেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে আবারও জাতীয়তাবাদের চেতনা ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকির সংস্কৃতি রয়েছে। এটি বন্ধের সময় এসেছে।

শুভেন্দু অভিযোগ করেন, আগের তৃণমূল কংগ্রেস ও বাম সরকার জাতীয়তাবাদ ও রাজ্যের ঐতিহ্যকে দুর্বল করেছে। তার দাবি, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি কমিউনিস্টদের প্রভাবে ছিল। এর ফলে শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় ও বাঙালি ঐতিহ্য এবং দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

শুভেন্দু বলেন, তাদের বাড়িতে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি পাওয়া যাবে না।

তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেন শুভেন্দু। তার অভিযোগ, নির্বাচনি সুবিধার জন্য দলটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে সমঝোতা করেছিল।

তিনি আরও বলেন, এর একটাই লাভ ছিল। নির্বাচনের সময় তারা বলত, ‘বিজেপিকে ভোট নয়, নরেন্দ্র মোদিকে ভোট নয়।’ আমার কাছে দুবার হারা মমতা এর সুবিধা নিতেন। এ কারণেই এই শক্তিকে এখানে টিকিয়ে রাখা হয়েছিল।

‘অপারেশন সিন্দুর’ এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার দাবি জানানো উচিত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এফএ