আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম
প্রকৃতিক বিপর্যয়ে বিদেশি সাহায্য নেবে না বলে জানিয়েছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের সামনে তাদের নতিস্বীকার করতে হয়েছে।
নেপাল রাজি হওয়ার পরেই সেখানে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। নেপালকে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশও।
শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মস্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, নেপালের অনুরোধেই ভারত পদক্ষেপ নিচ্ছে। কীভাবে উদ্ধারকাজে সাহায্য করা হবে, সেই পরিকল্পনাও জানিয়েছেন তিনি।
রণধীর তার বিবৃতিতে বলেন, ‘নেপালের অনুরোধে আমরা সেখানে একটা উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আগে নেপালে যাবে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী(রেকি) দল। তারা গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। কী কী সরঞ্জাম দরকার হবে, খতিয়ে দেখা হবে।’
ওই দলটির কাছ থেকে তথ্য সংগ্রহ করে ভারতের মূল উদ্ধারকারী দল রওনা দেবে নেপালের উদ্দেশে। এ ছাড়া, নেপালে একটি মেডিক্যাল টিমও পাঠাচ্ছে ভারত।
রণধীর জানান, নেপালে সেতু (বেইলি ব্রিজ) তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত, যাতে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন জায়গাগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা যায়।
গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকা ধেয়ে আসে বন্যার পানি। কাদামাটি ও নদীর পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম।
ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি, মানুষ খড়কুটোর মতো ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬ শাধিক। তবে বহু মানুষ এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
নেপালে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের পাশাপাশি প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরও খোঁজ মেলেনি।
তাদের অধিকাংশই পর্যটক, গিয়েছিলেন কৈলাস-মানস সরোবর দর্শনে। অন্য অনেক দেশের নাগরিকেরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বুধবারের বিপর্যয়ের পর থেকে।
নেপাল প্রথমে জানিয়েছিল, উদ্ধারকাজে তারা কোনও বিদেশি সাহায্য নেবে না। তাদের সেনাবাহিনী এবং পুলিশ-প্রশাসনের উপরেই ভরসা রাখছিল বলেন্দ্র শাহের সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবারই বলেন্দ্রকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। ভারত ত্রাণসামগ্রীও পাঠিয়েছিল বিমানে।
কিন্তু উদ্ধারকারী দল পাঠাতে দেয়নি নেপাল। অবশেষে শুক্রবার আন্তর্জাতিক চাপের কাছে তাদের নতিস্বীকার করতে হয়েছে। যে সব দেশের নাগরিক নেপালে নিখোঁজ, সেই সব দেশ উদ্ধারকাজে হাত লাগানোর জন্য কাঠমান্ডুকে বার বার অনুরোধ করছিল।
শেষপর্যন্ত তাদের রাজি হতে হয়েছে। ভারত ছাড়াও নেপালকে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ।
-এমএমএস