Dhaka Mail Logo

জাতীয়

নেপালের বন্যায় প্রাণহানিতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

একই ঘটনায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নেপালের পর্যটন কর্মকর্তারা। নিখোঁজদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ রয়েছেন। রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বন্যাকবলিত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও ত্রাণসামগ্রী সরবরাহে ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক।

নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

চীনের গিরং সীমান্তপথটি চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র। ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

এম/এআরএম