Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হরমুজে বিছিয়ে রাখা মাইন সরিয়ে ফেলেছে মার্কিন সেনারা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ১০:১১ এএম

হরমুজ প্রনালি নিয়ে এবার নতুন কিছু দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৬ আগস্ট) তিনি দাবি করেছেন, হরমুজে ইরানের বিছিয়ে রাখা সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে। 

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান বার বার বন্ধ করেছে। যা নিয়ে ফের উষ্মা প্রকাশ করেন ট্রাম্প।

সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে মাইন স্থাপনকারী যে কোনও জাহাজ বা জলযান তাৎক্ষণিক ভাবে ও আক্রমণাত্মক কৌশলে ধ্বংস করে দেওয়া হবে।’

তবে ট্রাম্পের এ হুঁশিয়ারির ইরান থোরাই কেয়ার করে। এ নিয়ে তেহরান কোনও মন্তব্যই করার প্রয়োজন মনে করেনি। 

গত কয়েক মাস ধরে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। 

এই পরিস্থিতিতে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানকে পরাস্ত করার পরে কৌশলগত ভাবে হরমুজ ভূখণ্ডের দখল নেবে আমেরিকা!

পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করা ওই আন্তর্জাতিক জলপথকে আমেরিকার অংশ বানানোর যে দাবি ট্রাম্প করেছিলেন, তারও কড়া সমালোচনা করেছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সরকার। 

দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অপারেশন এপিক ফিউরি শুরুর পরে তারা যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শুধু মাত্র ইরানের নির্দেশেই হরমুজ বন্ধ ও খোলা হবে।’

-এমএমএস