আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (পিআইএমএস)-এর গাইনি ওয়ার্ডের নার্সারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতক নিহত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোরে আনুমানিক ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি এবং ৪টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্ত ও উদ্ধারকারীদের মতে, কক্ষের ভেতরের একটি এয়ার কন্ডিশনার (এসি)-এর কম্প্রেসার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সৃষ্টি হয়।
পিআইএমএস-এর মুখপাত্র ডা. আনিজা জলিল জানিয়েছেন, ‘আগুন লাগার সময় সেখানে ১৫ থেকে ১৬ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মাত্র একটি শিশুকে একজন চিকিৎসক জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়ে মারা গেছে’।
ইসলামাবাদ জেলা প্রশাসন ও দেশটির স্বাস্থ্যমন্ত্রী ১৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দেশটির কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৫ জন।
🚨 TRAGIC: Fire at PIMS Hospital in Islamabad Kills 15 Newborns
— DR ADNAN ALI (@DrMalko) August 26, 2026
AC compressor explosion in the gynecology ward sparks deadly blaze.#PIMS #Islamabad #Pakistan #BreakingNews@MarioNawfal pic.twitter.com/Z2exHnPX3J
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল বলেন, ওয়ার্ডের শিশুরা হয় ইনকিউবেটরে ছিল অথবা অক্সিজেনে ছিল। এসি বিস্ফোরণের ফলে আগুন লেগেছিল, যা অক্সিজেন ট্যাংকগুলো উপস্থিত থাকায় আরও তীব্র হয়ে ওঠে।
এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং হাসপাতালের নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে কমিটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দায়ীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেওকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শাহবাজ বলেন, ‘শিশুদের নিয়ে এমন পরিস্থিতি অসহনীয়। যে পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা উচিত, দায়ীদের শনাক্ত করা উচিত এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
সূত্র: ডন, জিও নিউজ
এমএইচআর