আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে, তখন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একে সরাসরি ‘সামরিক ব্যর্থতার নীরব স্বীকারোক্তি’ বলে আখ্যা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সামরিক ক্ষেত্রে সত্যিই জয়ী হতেন, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজনই হতো না। তাঁর মতে, অর্থনৈতিক চাপ বাড়ানোর এই পদক্ষেপ আসলে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্যর্থতারই প্রমাণ।
মোহেবি জোর দিয়ে বলেন, ইরানের জন্য এই ধরনের চাপ কোনো নতুন বিষয় নয়। গত ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে। তিনি মনে করেন, এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো নানা ধরনের ধারণা ও জনমত তৈরি করা। তবে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় আইআরজিসির নিজস্ব পরিকল্পনা আছে বলেও তিনি দাবি করেন।
মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক যুদ্ধের প্রভাব কমাতে এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক বাড়াতে ইরান নিরন্তর কাজ করছে। যুক্তরাষ্ট্রের চাপ এড়িয়ে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কৌশল তেহরানের কাছে রয়েছে এবং এর ফল শিগগিরই দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন ধাপকে কেন্দ্র করে দুই পক্ষের বক্তব্য এখন আরও তীব্র আকার ধারণ করেছে।