আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
রাশিয়া ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রুশ কর্মকর্তারা শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম এবং একটি শিল্পকারখানা।
যুদ্ধের সম্মুখসারির বাইরে একে অপরের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন।
দুই দেশই ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের অর্থনীতি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।
এরই মধ্যে শুক্রবার (২১ আগস্ট) মধ্য ইউক্রেনের একটি শপিং সেন্টারে রাশিয়ার কয়েকটি ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, ইউক্রেনের এসব হামলা রাশিয়ার পাল্টা জবাবের জন্য ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে।
কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধের অর্থায়নে চাপ তৈরি করতেই তারা এসব হামলা চালাচ্ছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতি পূরণে নতুন ফরাসি সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
-এমএমএস