Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মির্জা ফখরুলকে ইরানের অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সহযোগিতা বিস্তারে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

অভিনন্দন বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ইরান সরকার ও জনগণ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও জানান তিনি।

বার্তার শেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম দিকেই উষ্ণ অভিনন্দন জানায় এশিয়ার পরাশক্তি চীন। 

ঢাকাস্থ চীনা দূতাবাস এবং বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বার্তায় জানায়, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। নতুন রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্বে দুই দেশের এই কৌশলগত অংশীদারত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা আগামীতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে চীন আশাবাদ ব্যক্ত করে।

পশ্চিমা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার যুক্তরাজ্য নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। 

ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে। নতুন রাষ্ট্রপতির সাথে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিরসনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বিশেষ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। 

-এমএমএস