Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ওপর ভীষণ চটেছেন এরদোগান, গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভীষণ চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গণহত্যায় অভিযুক্ত দখলদার দেশটির এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শুক্রবার (২১ আগস্ট) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। খবর তুর্কি গণমাধ্যম ইয়ানি সাফাকের। 

 ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের নির্যাতনের একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলাটি ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। ২০২৬/১০৮ নম্বর মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন।

তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে।

তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে।

গুরলেক বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শুক্রবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এরদোগানকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। 

তারা এই মন্তব্যকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে করা ভিত্তিহীন আক্রমণ বলে অভিহিত করেছে।

তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীদের 'সস্তা রাজনীতি'কে নির্বাচনী সুবিধা লাভের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে যে, এই ধরনের কৌশলের ইসরায়েলি সমাজ, অঞ্চল, আন্তর্জাতিক সম্প্রদায় বা তুরস্কে কোনো গ্রহণযোগ্যতা নেই। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্ককে একটি নতুন হুমকি হিসেবে তুলে ধরার নেতানিয়াহু প্রশাসনের প্রচেষ্টাও এই সস্তা রাজনীতিরই অংশ। এতে সতর্ক করা হয় যে, অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতার জন্য উত্তেজনা বৃদ্ধি কেবল ইসরায়েলি সমাজের জন্যই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে।

শুক্রবার এর আগে গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা আন্দোলনকর্মীদের ওপর ইসরায়েলি হামলা সংক্রান্ত একটি চলমান মামলার অংশ হিসেবে আঙ্কারা নেতানিয়াহু এবং আরেকজন ইসরায়েলি অভিযুক্তের জন্য ইন্টারপোলের রেড নোটিস জারির অনুরোধ জানায়।

তুরস্কের বিচার বিভাগীয় সূত্র অনুসারে, গাজা যুদ্ধ এবং এই অঞ্চলে ইসরায়েলি সামরিক কার্যকলাপ নিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

-এমএমএস