Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

ডলারের দরপতন ও মার্কিন ট্রেজারির অপ্রত্যাশিত তারল্য সহায়তার ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রায় তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯১ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। যদিও দিনের শুরুতে মূল্যবান ধাতুটির দাম ৪ হাজার ৬০১ দশমিক ২৯ ডলারে পৌঁছেছিল, যা ছিল গত ১৫ মে-এর পর সর্বোচ্চ।

একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৮ ডলারে লেনদেন হচ্ছে।    

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ট্রেজারির বন্ড পুনর্ক্রয় (বাইব্যাক) দ্বিগুণ করার আকস্মিক সিদ্ধান্ত বন্ডের ইল্ড এবং ডলারের ওপর চাপ তৈরি করেছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীদের নতুন করে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

অন্যদিকে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে উঠেছে। ফলে বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা ও দাম একযোগে বৃদ্ধি পেয়েছে।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে মার্কিন ট্রেজারি বিভাগ থেকে আকস্মিক তারল্য সহায়তার ঘোষণা আসে। এর ফলে বাজারে নগদ অর্থের সরবরাহ বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরে।

এদিকে স্বর্ণের সঙ্গে রুপাসহ অন্যান্য ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৮২ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৪ দশমিক ৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬২ দশমিক ৮০ ডলারে বিক্রি হচ্ছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর