Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আলাস্কায় ৮ আরোহী নিয়ে চার্টার বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত রাডার স্থাপনার কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এক ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার আলাস্কার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত রাডার স্থাপনার কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুইজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

ক্লিন্ট জনসন জানান, বিমানটি আলাস্কার অ্যাঙ্করেজ থেকে কেপ নিউনহ্যাম যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে কেপ নিউনহ্যাম এলাকায় অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনটিএসবি জানিয়েছে, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, পাইলটের সিদ্ধান্তসহ একাধিক সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হতে পারে।

এদিকে আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে একটি ‘বিমান দুর্ঘটনার’ খবর পাওয়ার পর তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে জানিয়েছে কেন্দ্রটি।

এমআর