Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত, প্রাণহানি ৭৩,৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দৈনিক হতাহতের পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে সাতটি মরদেহ ও ২৩ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণ ও গুলিবর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। তবে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪০৭ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে। এর গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘনে  করে জালানো ইসরায়েলি হামলায় ১ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ২২৩ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর মাধ্যমে দুই বছরের যুদ্ধের অবসান ঘটে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শত শতবার তা লঙ্ঘন করেছে।

জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে বারবার যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করার আহ্বান জানানো হলেও, বাস্তবে ইসরায়েলি সামরিক অভিযান ও বোমাবর্ষণ মোটেও থামেনি। 

সূত্র: আনাদোলু

এমএইচআর