Dhaka Mail Logo

আন্তর্জাতিক

চীন সাগরে বিকল মার্কিন যুদ্ধজাহাজ, টয়লেট ছাড়া ৪ দিন কাটালেন ৩০০ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ জেনারেটর বিকল হওয়ার কারণে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এ সময় যুদ্ধজাহাজটির প্রায় ৩০০ নাবিক শৌচাগার বিকলসহ বিভিন্ন সমস্যা পড়েন। পরে বিকল যুদ্ধজাহাজটিকে ফিলিপাইনে টেনে নিয়ে যাওয়া হয়। 

মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার এ বিবৃতিতে এই তথ্য জাানান। 

কোমার জানান, গত ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় প্রায় ১০ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জাহাজের নাবিকদের কোনো ক্ষতি না হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তীব্র গরমের মধ্যে জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি), টয়লেট ও রান্নাঘরের (গ্যালি) সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি ক্রুদের খাবার পানির সরবরাহও ব্যাহত হয়েছিল।

তিনি আরও বলেন, এই সংকটের সময় পাশে থাকা জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আরেক যুদ্ধজাহাজ ‘ইউএসএস রবার্ট স্মলস’ বেনফোল্ডের ক্রুদের জন্য খাবারের ব্যবস্থা করে।

পরে বিদ্যুৎহীন অবস্থায় ভাসতে থাকা ডেস্ট্রয়ারটিকে টাগবোটের সাহায্যে ২৮ জুলাই ফিলিপাইনের সুবিক বেতে নিয়ে আসা হয়। সেখানে ২৯ জুলাই ক্রুদের জাহাজ থেকে সরিয়ে নিরাপদ আবাসন বা হোটেলের ব্যবস্থা করা হয় এবং ৩০ জুলাই জাহাজের বিদ্যুৎ সংযোগ আংশিক সচল করা হয়।

সর্বশেষ গত ৭ আগস্ট জাহাজের সব ধরনের প্রকৌশল ও কম্ব্যাট সিস্টেমের মেরামত সফলভাবে সম্পন্ন হয় এবং ৮ আগস্ট এটি পুনরায় স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে সুবিক বে ত্যাগ করে।

সূত্র: রয়টার্স

এমএইচআর