Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ওমানে হামলা চালানো হুমকি ট্রাম্পের, নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনায় হস্তক্ষেপ করলে বা বাধা হয়ে দাঁড়ালে ওমানে ব্যাপক সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই হুশিয়ারি দিয়েছেন তিনি।  

হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনায় ওমানের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘ওমান যদি (যুক্তরাষ্ট্রের প্রক্রিয়ার) মাঝপথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’

মার্কিন প্রেসিডেন্টর এই হুমকি এমন সময় এলো যখন, ওমান ও ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি ট্রানজিট রুট ম্যাপ নিয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে বলেছেন, কয়েক সপ্তাহের নিবিড় কৌশলগত ও কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালির জন্য একটি নির্দিষ্ট নৌ রুট বা জাহাজ চলাচলের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে ইরান চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে।

মূলত, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এটি খুলে দেওয়া জন্য ওমান ও ইরানের এই স্বতন্ত্র আলোচনাকে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের পরিপন্থী মনে করছে। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি শিগগিরই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন বলেও জানান তিনি।

এদিকে সাক্ষাৎকারে ইরানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তেহরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তোলা। ইরানের নেতারা ভালো খেলোয়াড় হলেও তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে একটি সরাসরি গোপন যোগাযোগ মাধ্যম চালু রেখেছে।

ট্রাম্প বলেন, ‘আইআরজিসি-র সঙ্গে আমাদের একটি গোপন যোগাযোগ ব্যবস্থা আছে। আমরা ইরানে আইআরজিসি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।’ তবে আইআরজিসির মুখপাত্র এই দাবিকে ট্রাম্পের ‘অলীক কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের মার্কিন মিত্র এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ হওয়া সত্ত্বেও ওমানের প্রতি ট্রাম্পের এমন হুমকি এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসে হোয়াইট হাউসে আয়োজিত একটি ক্যাবিনেট বৈঠকে ওমানকে সরাসরি ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন দিয়েছিলেন ট্রাম্প। নতুন করে তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্য বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু

এমএইচআর