Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন হাজারও মানুষ  

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’। এর প্রভাবে ক্যাটাগরি-১ মাত্রার ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে।  ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারও মানুষ। দীর্ঘ সময় পর হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের এত কাছে শক্তিশালী হারিকেন পৌঁছানোয় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। 

এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ৪২ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ন্যাশনাল হারিকেন সেন্টার ‘প্রাণঘাতী’ পরিস্থিতির সতর্কতা জারি করেছে।

পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল বেলা ২টার দিকে হাওয়াইয়ের ৪২ হাজার ৮৮৯ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ ছিল না।

সেখানে প্রায় ৪২ মাইল বা ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের অবস্থা পর্যালোচনা করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছিল, লালা’র সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৭৫ মাইল বা ১২০ কিলোমিটারে পৌঁছেছে। এতে ১ নম্বর ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়েছে এটি।

বিগ আইল্যান্ডের মাউনাকেয়া ওয়েদার সেন্টারে গতকাল দুপুর পর্যন্ত ঘণ্টায় ১০০ মাইলের বেশি বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। তবে সে সময় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এলাকায় বাতাসের বেগ তুলনামূলক কম ছিল।

লালা’র প্রভাবে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি বা ২৫ দশমিক ৪ থেকে ৫১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে।

অতিভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হারিকেনের কারণে হাওয়াইয়ের যোগাযোগব্যবস্থাতেও প্রভাব পড়েছে। হাওয়াই পরিবহন বিভাগ জানিয়েছে, হিলো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল বেলা ২টায় এলিসন ওনিজুকা কোনা আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়।

এআরএম