আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধারকাজের সময় আরও একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকে থাকা ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল-মাগরিবি পরিবারের বাড়িতে উদ্ধার অভিযান শুরু করেন সিভিল ডিফেন্স কর্মীরা।
গাজায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও মরদেহ উদ্ধারে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ছে সিভিল ডিফেন্স দলগুলো।
আনাদোলু নিউজ এজেন্সিকে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকার কাছে বাতনিজি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই স্থানে উদ্ধার অভিযান শেষ করার পর পশ্চিম গাজা সিটির কাতিবা এলাকায় ঘারবিয়া পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
তিনি বলেন, মরদেহ উদ্ধারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, জ্বালানি ও অন্যান্য লজিস্টিক উপকরণের তীব্র সংকট।
এসব সরঞ্জামের ঘাটতির কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ ও জীবিতদের কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এআরএম