Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরেক দফা বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

কয়েকদিনের ব্যবধানে বিশ্ববাজারে আরও এক দফা বেড়েছে তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকির পর প্রভাব পড়ে তেলের বাজারে।  

চলতি সপ্তাহে এখনো দুই ধরনের তেলের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ব্রেন্ট ফিউচারের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭.১৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১.২৯ ডলারে পৌঁছায়।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর এমন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন, যা আগে কখনো দেখা যায়নি।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে আরও ঘোষণা আসতে পারে। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরও বলেন, এর সঙ্গে হরমুজ প্রণালিতে অব্যাহত নৌ অবরোধও থাকবে। এর ফলে ইরানের বন্দরগুলোতে কোনো পণ্য বা জাহাজ প্রবেশ কিংবা সেখান থেকে বের হতে পারবে না।

এআরএম