স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কোট অড্ডু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ২৪ জন যাত্রী নিয়ে একটি দ্রুতগামী লোডার রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুজাফফরগড় খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, সোমবার রাতে লোমার ওয়ালা এলাকা থেকে বাস্তি আরাফানের দিকে তিনটি লোডার রিকশায় করে বরযাত্রীর বহর যাচ্ছিল। সানাওয়ান এলাকার শেখু সুগার মিলসের কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খালে পড়ে যায়। দুর্ঘটনার পর তিনজন যাত্রী কোনোমতে সাঁতরে পাড়ে উঠে উদ্ধাকারী দল 'রেসকিউ ১১২২'-কে খবর দেয়।
সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত অভিযান শুরু করে ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। মঙ্গলবার দিনভর ক্যানেলের প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে চলা অভিযানে পানির তলদেশ থেকে আরও নয়টি মরদেহ উদ্ধার করা হয়। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
কোট অড্ডুর উদ্ধারকারী ওসামা জিশান জানান, খালটি প্রায় ১২ থেকে ১৫ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট প্রশস্ত। স্রোতের কারণে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫ থেকে ২০ কিলোমিটার দূর থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ২২ জন সাঁতারু ও ৮ জন ডুবুরি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।