আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাতে বহু ভবন ধসে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার নিচে।
কলম্বিয়ার রিসারালদা প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানকার গভর্নর হুয়ান দিয়েগো পাতিনিও জানিয়েছেন, সেখানে ৪২ জন নিহত হয়েছেন।
স্থানীয় মেয়র ও গভর্নরদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রিসারালদা প্রদেশে ৪২ জন, ভায়েদেল কাওকা প্রদেশে ২৭ জন, চোকো প্রদেশে ৪ জন, মানিজালেস শহরে৩ জন, অ্যান্টিওকিয়া প্রদেশে ১ জন।
দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পেরেইরা, মানিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্তাগো এবং বুয়েনাভেন্তুরাসহ বেশ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসব বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে এটি কেবল কলম্বিয়ার রাজধানী বোগোতাতেই নয়, প্রতিবেশী দেশ ইকুয়েডর, পানামা এবং দূরবর্তী ভেনিজুয়েলাতেও বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বোগোতাসহ অনান্য শহরের অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে বহুতল আবাসিক ভবন ও অফিস ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় জমায়েত হওয়া এসব মানুষের চোখে-মুখে আতঙ্কের ছাপ এবং অনেককে রাস্তায় দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা গেছে।
আরআর