আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ০২:০৮ এএম
ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, প্রায় এক বছর আগে তিনি মারা যান। কিন্তু দীর্ঘদিন ধরে কেউ খোঁজ না মরদেহটি কঙ্কালে পরিণত হয়।
শুক্রবার বেঙ্গালুরুর বাগালাগুন্টের হাভানুর লেআউট এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম দক্ষিণায়িনী। স্বামী ও সন্তানের মৃত্যুর পর থেকেই তিনি ওই ডুপ্লেক্স বাড়িতে সম্পূর্ণ একা বসবাস করতেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। স্বামীর মৃত্যুর কিছু সময় পর তার একমাত্র ছেলেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে তীব্র অবসাদে ভুগছিলেন।
পুলিশ জানিয়েছে, দাক্ষায়িণীর একটি মেয়ে ও জামাতা রয়েছে। তবে গত প্রায় এক বছর ধরে তারা এই বাড়িতে আসেননি এবং মায়ের কোনো খোঁজ নেননি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বন্ধ ঘর থেকে কঙ্কালটি উদ্ধার করে।
এদিকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। গত এক বছর ধরে মেয়ে বা অন্য কোনো আত্মীয় কেন তার খোঁজ নেননি, সে বিষয়েও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর