Dhaka Mail Logo

আন্তর্জাতিক

চাকরি ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ-বিরোধী প্রচার এবং হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরার কারণে ব্যাপক বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার দীর্ঘদিনের কর্মস্থল টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার চাকরি ছেড়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনে তার বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রবল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বুধবার ময়ূখ রঞ্জন ঘোষ নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে চাকরি ছাড়ার বিষয়টি জানান। 

পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি 📣 দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে। ’

অনেক আগে থেকেই চাকরি ছাড়ার পরিকল্পনা করছিলেন জানিয়ে ময়ূখ বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।’

তিনি আরও বলেন, ‘আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না। আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

ভূ-রাজনীতি, ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বাধীনভাবে বা নতুন কোনো প্ল্যাটফর্মে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! The Game has just Begun!’

এদিকে তার এই আকস্মিক পদত্যাগের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তিনি আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।  

স্থানীয় সংবাদমাধ্যম কলকাতা২৪- এর প্রতিবেদনে বলা হয়, শিগগির পশ্চিমবঙ্গে তিন আসন- নন্দীগ্রাম, রেজিনগর এবং বসিরহাটে উপনির্বাচন হতে চলেছে। আর সেই উপনির্বাচনেই বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন  সাংবাদিক ময়ুখরঞ্জন ঘোষ। যদিও খনও স্পস্ট নয় তিনি ঠিক কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। 

তবে, সম্ভবত তিনি নন্দীগ্রাম আসনটি পাবেন না। কারণ, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি নিজস্ব আসন। শুভেন্দুর পছন্দ এবং নন্দীগ্রামে আবেগ জড়িত কাউকে প্রার্থী করা হবে। বাকি রইল রেজিনগর এবং বসিরহাট! রেজিনগরে সাবেক বিধায়ক হুমায়ুন কবীরের ঘাঁটি। ফলে, সেটি বিজেপির কাছে সেফ সিট নয়। আবার হুমায়ুন কবীরে সঙ্গে ময়ুখের ব্যক্তিগত সম্পর্ক বেশ মধুর। তাই রেজিনগর আসনও থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই কম।

ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ময়ূখ রঞ্জন ঘোষের বিজেপির প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্দেশখালি ইস্যুর কারণে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই আসনে তাকে দাঁড় করিয়ে বিজেপি কট্টর হিন্দুত্ববাদী ও জাতীয়তাবাদী ভোটব্যাংক একজোট করতে চাইছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র নেতিবাচক, উসকানিমূলক ও বানোয়াট সংবাদ প্রচারের কারণে ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশে অত্যন্ত বিতর্কিত এবং সমালোচিত ব্যক্তিত্বে পরিণত হন।

সূত্র: কলকাতা২৪

এমএইচআর