Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন আটকে রাখা এবং কয়েকজন মার্কিন কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যান করার জেরে এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।  

মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফ করার সময় ওই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতির সমাধান হলে রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা আবারও বহাল করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিল সরকার। ভিসা বাতিলের এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারের মধ্যে ক্রমেই বাড়তে থাকা দূরত্বের সর্বশেষ নজির। 

সাধারণত রাষ্ট্রদূত গ্রহণের বিষয়টি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই কূটনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করে ওই মার্কিন কর্মকর্তা বলেন, এখানে একজন জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। এর মানে এই নয় যে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো, তিনি এখানে ভিসা ছাড়াই অবস্থান করছেন। যদি আমাদের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ভারসাম্য ফিরিয়ে আনা হয়, তবে তার ভিসাও পুনর্বহাল করা হবে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, লুলার সরকার রক্ষণশীলদের সেন্সর করছে বা বিচারিক প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে প্রভাব খাটাচ্ছে। অন্যদিকে, লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীলদের পক্ষে মার্কিন প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ তুলে এর তীব্র বিরোধিতা করে আসছে ব্রাজিল।

গত মাসে ব্রাজিল জানিয়েছিল, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করেছে। ব্রাজিলের দাবি, আগামী অক্টোবরের নির্বাচনের আগে দেশটির নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করার উদ্দেশ্যেই তারা এই সফর করতে চেয়েছিলেন।

এএইচ/এআরএম