Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনের বিমসটেক চেয়ার বা সভাপতি হিসেবে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 

মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নাকি বিমসটেকের সভাপতি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে?

জবাবে জয়সওয়াল বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটি এখনো বহাল আছে। ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসাবে আউটরিচ সেসনে অংশ নেওয়ার জন্য ভারত তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে।’

তিনি বলেন, ‘প্রচলিত রীতি অনুযায়ীই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে তাকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য আঞ্চলিক সংস্থার প্রধানদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’ 

এরআগে আরেকজন সাংবাদিক জানতে চান যে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সোমবার) আনুষ্ঠানিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দিল্লিতে হওয়ার কথা রয়েছে, এমন একটি সম্মেলনের আগে আগে এই বার্তা দেওয়া হলো। এই বিষয়ে ভারতের অবস্থান কী?

রণধীর জয়সওয়াল ওই প্রশ্নের উত্তরে বলেন, ‘যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সাথে ভারত সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর আগামী ৫ আগস্ট (বুধবার) প্রথমবার ভারতে বসে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন বলে সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসিএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে ৭৮ বছর বয়সি শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের অনান্য নেতাদের ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। 

এ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভারতে বসে হাসিনার বক্তব্য দেওয়ার ব্যাপারে দেশটিকে সতর্ক করেন।

হুমায়ুন কবির বলেন, ‘পতিত স্বৈরাচারের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফিংয়ে একই কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসময় তিনি হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান সম্পর্কে বাংলাদেশ জানতে চায় বলেও জানান।

এছাড়াও মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশনা অমান্য করে প্রচার করলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।  

এমএইচআর