Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সাপের মাথা কাটার ৫ মিনিট পরও দিল ‘মরণ কামড়’, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

সাপের মাথা কেটে শরীর থেকে আলাদা করার পরও কি সেটি কামড়াতে পারে? অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি চীনের চচিয়াং প্রদেশে এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। একটি বিষধর কোবরা (কেউটে) সাপের মাথা কাটার প্রায় ৫ মিনিট পর, সেই কাটা মাথার কামড়ে এক বৃদ্ধকে দীর্ঘ দুই মাস হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত মে মাসের এক তপ্ত দুপুরে ৭২ বছর বয়সী ঝাং নামের এক জেলে নদীর ধারে একটি নির্জন জায়গায় মাছ ধরছিলেন। এসময় হঠাৎ একটি বিষধর কোবরা সাপ দেখতে পান তিনি। সাপটি আক্রমণ করার জন্য ফণা তোলার মুহূর্তে আত্মরক্ষার্থে সঙ্গে থাকা একটি ধারালো কোদাল দিয়ে সাপটির মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেন ঝাং। এর প্রায় ৫ মিনিট পর তিনি যখন সাপের ওই কাটা মাথাটি তুলতে যান, তখনই ঘটে বিপত্তি। মৃত সাপের বিচ্ছিন্ন মাথাটি আচমকা তার বাম হাতের তালুতে কামড় বসিয়ে দেয় এবং আকঁড়ে থরে রাখে।

সেই মুহূর্তের কথা স্মরণ করে ঝাং বলেন, ‘যেন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো’ অনুভূতি হয়েছিল এবং যন্ত্রণায় তখন তিনি চিৎকার করে ওঠেন। অনেক চেষ্টার পর তিনি সজোরে মাথাটি ঝেড়ে ফেলে দিয়ে দ্রুত হাসপাতালের দিকে ছুটে যান।

image

এদিকে বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কামড়ানোর মাত্র ২০ মিনিটের মধ্যে ঝাং-এর বুকে তীব্র ব্যথা, ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব এবং অনবরত বমি শুরু হয়। তাকে দ্রুত চচিয়াং প্রাদেশিক ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে কোবরার বিষে তার পুরো বাম হাত বুড়ো আঙুল থেকে কাঁধ পর্যন্ত ফুলে ঢোল হয়ে যায় এবং কামড়ের চারপাশের চামড়া কালো হয়ে পচন ধরতে শুরু করে।

হাসপাতালের ক্ষত ও ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. ওয়াং ইয়ংগাও জানান, কোবরার বিষের তীব্র কার্যকারিতার কারণে ঝাং-এর জীবন মারাত্মক ঝুঁকিতে ছিল। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে পচে যাওয়া টিস্যুগুলো অপসারণ না করলে তার হাতটি স্থায়ীভাবে কেটে ফেলতে হতো। দীর্ঘ দুই মাসের নিবিড় চিকিৎসা ও ত্বক প্রতিস্থাপনের পর অবশেষে ঝাং সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

এদিকে শারীরিক ট্রমা কাটিয়ে উঠলেও মানসিক আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি ঝাং। হাসপাতালের বিছানায় কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর যন্ত্রণায় হাত নাড়াতে পারতাম না। টানা তিন রাত স্বপ্নে দেখেছি একটা মাথাবিহীন সাপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে।’

নিজের ভুল স্বীকার করে তিনি অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, ‘আমি আর কখনো এমন অসাবধান কাজ করব না। এর জন্য আমাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে।’

মাথা কাটার পরও সাপ কেন কামড়ায়?

চিকিৎসাবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক স্নায়বিক প্রতিক্রিয়া। সাপের মতো সরীসৃপ প্রাণীদের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম মানুষের চেয়ে অনেক ধীর গতির। ফলে মাথা কেটে ফেলার পরও এদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ুগুলো বা রিফ্লেক্স অ্যাকশন প্রায় কয়েক দশ মিনিট বা তার বেশি সময় পর্যন্ত সক্রিয় থাকে।

চিকিৎসকেরা জানান, এই সময়ে কাটা মাথার সামনে কোনো নড়াচড়া বা স্পর্শ লাগলে স্নায়ুগুলো এটিকে হুমকি মনে করে স্বয়ংক্রিয়ভাবে মুখ বন্ধ করে কামড়ে দেয়। শুধু তাই নয়, বিষগ্রন্থিগুলো সক্রিয় থাকায় এটি পুরো বিষ ক্ষতস্থানে ঢেলে দিতে সক্ষম হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, বিষধর সাপ মারার পরও সেটির মৃতদেহ বা কাটা মাথা খালি হাতে স্পর্শ করা অত্যন্ত বিপজ্জনক। এগুলো সরানোর জন্য সবসময় লম্বা লাঠি বা চিমটা ব্যবহার করা উচিত।

সূত্র: গ্লোবাল টাইমস, চায়না নিউজ

এমএইচআর