আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার কাবাল পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রোববার ( ২ আগস্ট ) এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর সামা টিভি ও রয়টার্সের।
মালাকান্দ বিভাগের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সৈয়দ ফিদা হাসান শাহ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, কাবাল চকে শান্তির দাবিতে একটি বিক্ষোভ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলাকারী কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী হামলা বলে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারী পুলিশ কম্পাউন্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়ে প্রধান ফটকের কাছেই বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কর্মকর্তারা সৈয়দ ফিদা হাসান শাহ বলেন, পুলিশের সতর্কতার কারণে হামলাকারী কম্পাউন্ডের ভেতরে ঢুকতে পারেনি। এতে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, কাবাল পুলিশ কম্পাউন্ডের মধ্যে কাবাল থানা, সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) পুলিশ স্টেশন, কাবাল পুলিশ লাইনস এবং একটি ফ্যাসিলিটেশন সেন্টার অবস্থিত।
হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
-এমএমএস