Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৮ এএম

গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহত দুজনের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয়কারী কর্মকর্তা।দেশটির রাজধানী এথেন্সের প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে ঘটনাটি ঘটে।  দ্বিতীয় হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক পাইলট ও গ্রিসের আরেকজন সমন্বয়কারী কর্মকর্তা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রপেলারে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে গিয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

গ্রিসে চলতি সপ্তাহে বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে ইউরোপের আরও কয়েকটি দেশেও ভয়াবহ দাবানল দেখা গেছে।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার অ্যাটিকা-বোয়েতিয়া সীমান্তে ছড়িয়ে পড়া একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। একটি হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়। অন্য হেলিকপ্টারের দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গ্রিসের সমন্বয়কারী কর্মকর্তা ও ডেনমার্কের পাইলটের মৃত্যু সবাইকে শোকাহত করেছে। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

দুর্ঘটনার পর দেশটির সব বেল হেলিকপ্টার সাময়িকভাবে মাটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসের বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওই সূত্র আরও জানায়, সংঘর্ষে জড়িত দ্বিতীয় বেল হেলিকপ্টারটি কম উদ্ভিদযুক্ত একটি এলাকায় জরুরি অবতরণ করে। ওই হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের পাইলট ও গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয়কারী কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

সূত্রটি জানায়, দুজনই সচেতন ছিলেন। সতর্কতা হিসেবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ব্রিটিশ পাইলট দাবানলের মৌসুমের জন্য নিয়োগ পাওয়া একজন বেসরকারি পাইলট। তিনি যুক্তরাজ্য ও গ্রিসের মধ্যে কোনো বিনিময় কর্মসূচির অংশ ছিলেন না। এ ছাড়া এথেন্সের পক্ষ থেকে সহায়তার জন্য কোনো অনুরোধও করা হয়নি।

গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি জানিয়েছে, বেঁচে যাওয়া দুই ব্যক্তি দুর্ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারা উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পথও দেখান।

নিহত ও আহত চার ক্রু সদস্যের কারও নাম এখনো প্রকাশ করা হয়নি। দাবানল নিয়ন্ত্রণে এরই মধ্যে এরিকসন এয়ার-ক্রেন ও চিনুক হেলিকপ্টারের পাশাপাশি কানাডায়ারের পানিবাহী উড়োজাহাজ কাজ করছে।

চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্স ও স্পেনেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। বড় দুটি দাবানলের একটি ছিল মাদ্রিদের কাছে এবং অন্যটি বোর্দোর কাছে। আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে, যদিও কিছু এলাকায় তা এখনো জ্বলছে। আগুনের কারণে সরিয়ে নেওয়া প্রায় ৩ লাখ মানুষকে।

এআরএম