Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ছড়িয়ে পড়েছে একটি ভয়াবহ দাবানল। এই অবস্থায় কর্তৃপক্ষ হাজারো মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থাও জারি করা হয়েছে।  

রোববার (২ আগস্ট) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াশিংটনে ২ লাখ একরেরও বেশি এলাকা আগুনে পুড়ছে।

রাজ্যের গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেছেন, ‘রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।’ তিনি জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, ‘এ বছর ইতোমধ্যেই আমাদের রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুম চলছে। অথচ আগস্ট মাস মাত্র শুরু হয়েছে।’

স্থানীয় স্পোকসম্যান-রিভিউ পত্রিকার খবরে বলা হয়, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার (১ আগস্ট) বিকেলে স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্র সরকারের সরিয়ে নেওয়ার মানচিত্র অনুযায়ী, ওয়াশিংটনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ জারি করা হয়েছে। এতে শহরের সীমানার ভেতরে থাকা হাজারো মানুষকে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে।

স্পোকসম্যান-রিভিউ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুনের বিস্তার ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় পৌঁছেছে। তবে শহর কর্তৃপক্ষ কোনো হতাহতের খবর জানায়নি।

এদিকে কর্তৃপক্ষ স্পোকেন কনভেনশন সেন্টারে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র চালু করেছে। ওয়াশিংটন ন্যাশনাল গার্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, স্পোকেন অঞ্চলে সহায়তার জন্য তারা ‘দ্রুতগতিতে ইউনিট মোতায়েন’ করছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটনের জন্য ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। এতে আবহাওয়াজনিত ঝুঁকিকে ‘চরম’ বলে উল্লেখ করা হয়।

এএইচ