Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানে এক পরিবারের ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২৬, ০১:২০ এএম

ইরানের কিশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি আবাসিক এলাকায় ফেলা ২০০০ পাউন্ডের বোমার আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বেসামরিক নাগরিক নিহতের খবর তদন্ত করে দেখার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইরানি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার শেষ রাতের দিকে কিশম শহরের চাহ তাঙ্গু আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। এতে ট্যাক্সিচালক কায়সার জাফরি, তাঁর স্ত্রী জোহরা জাফরি এবং তাঁদের ছোট ছেলে সিনা ঘটনাস্থলে প্রাণ হারান। তবে ধ্বংসস্তূপের মধ্য থেকে তাঁদের অপর দুই সন্তান মোহাম্মদ রেজা ও মেহেদিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্যাটেলাইট চিত্র ও ভিডিও ফুটেজ অনুযায়ী, হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি ২০০০ পাউন্ডের ‘মার্ক ৮৪’ বোমা ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর হাতে থাকা সবচেয়ে ধ্বংসাত্মক বোমার একটি। বোমা হামলায় প্রায় ২০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার জবাব হিসেবে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে সিইএনটিসিওএম-এর এক মুখপাত্র জানান, তারা সাধারণ নাগরিকদের মৃত্যুর খবর সম্পর্কিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখছেন। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী কখনই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

তবে মার্কিন বাহিনী কোন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলাটি চালিয়েছে এবং বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে কী ধরণের পদক্ষেপ নিয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।