আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ‘ব্রড পিক’ শৃঙ্গ অভিযানের সময় তুষারধসে নিখোঁজ খ্যাতিমান নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুরজার প্রতিষ্ঠিত পর্বত অভিযানের সংস্থা ‘এলিট এক্সপেড’ ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে বলেছে, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি যে, ব্রড শৃঙ্গে তুষারধসের কবলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নির্মল পুরজা। ওই অভিযানের অন্যান্য সদস্যরাও দুর্ভাগ্যবশত বেঁচে নেই।’
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পর্বত অভিযানের আয়োজক প্রতিষ্ঠানটি।
এদিকে গিলগিট-বালতিস্তান সরকার জানিয়েছে, পুরজা এবং অন্যান্য পর্বতারোহীদের মরদেহ একটি দুর্গম স্থানে শনাক্ত করা হয়েছে। আলপাইন ক্লাব অব পাকিস্তান এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত একজন মার্কিন নারী, একজন ওমানি নারী এবং একজন নেপালি পুরুষসহ তিনি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরআগে আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধস নামে। এর পর থেকে নির্মল পুরজার নেতৃত্বাধীন দলের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
১০ জনের এই অভিযানকারী দলের মধ্যে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন, একজন চীনা পর্বতারোহী এবং আরেকজন বিদেশি নাগরিক।
আলপাইন ক্লাব আরও জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাকিস্তান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এগুলোতে উদ্ধারকর্মী এবং অতিরিক্ত বিশেষায়িত সরঞ্জাম রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া ও উচ্চ পার্বত্য পরিবেশের কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ পুরজা ও অন্যান্য পর্বতারোহীদের “দুঃখজনক” মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শাহ বলেন, ‘প্রয়াত সকল পর্বতারোহীর শারীরিক যাত্রা শেষ হয়েছে, কিন্তু তাদের সাহস, নিষ্ঠা এবং অবদানের ইতিহাস চিরকাল অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’
প্রসঙ্গত, ৪৩ বছর বয়সী নির্মল পুরজা ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাসে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি রয়্যাল মেরিনসের স্পেশাল বোট স্কোয়াড্রনে যোগ দেন। পূর্ণকালীন পর্বতারোহী ও ট্যুর গাইড হওয়ার পর তিনি একাধিক পর্বতারোহণের রেকর্ড গড়েছেন।

২০১৯ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে মাত্র ছয় মাস ছয় দিনে তিনি বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ আরোহন করেন। সে সময় এটি ছিল একটি রেকর্ড। এছাড়াও ২০২১ সালে আরও নয়জন নেপালি পর্বতারোহীকে নিয়ে তিনি প্রথমবারের মতো শীতকালে কে-টু শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন।
চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুরজা লিখেছিলেন, অক্সিজেন ছাড়াই ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ দ্বিতীয়বারের মতো জয় করা প্রথম ব্যক্তি হওয়ার খুব কাছাকাছি রয়েছেন তিনি।
ব্রড পিক অভিযানের আগে তিনি লিখেছিলেন, ‘ব্রড পিক, ওপরে ওঠা এবং নিরাপদে ফিরে আসা ছাড়া আমি আর কিছুই চাই না।’
উল্লেখ্য, ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গগুলোর মধ্যে এটিকে সবচেয়ে কঠিন এবং কারিগরি দক্ষতা নির্ভর আরোহণগুলোর একটি হিসেবে ধরা হয়। ১৯৫৭ সালে অস্ট্রিয়ার একটি দল প্রথম এ শৃঙ্গে আরোহণ করে।
সূত্র: ডন
এমএইচআর