Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এক সপ্তাহে দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

এক সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর দুই নারী সেনা সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে আত্মহত্যা করা ইসরায়েলি সেনার সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার সকালে মিশর-ইসরায়েল সীমান্তে মোতায়েন থাকা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এরআগে রোববার মধ্য ইসরায়েলের রামাত হাশারনের কাছে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটিতে সামরিক গোয়েন্দা বিভাগে কর্মরত এক নারী সেনা আত্মহত্যা করেন। তিনি অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর একটি পদে দায়িত্ব পালন করছিলেন।

এই দুই ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইসরায়েলের মিলিটারি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

হারেৎজ জানিয়েছে,  চলতি বছরে কর্মরত ১৬ জন সেনার আত্মহত্যার পাশাপাশি গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর অন্তত আরও ৯ জন সাবেক সেনা দায়িত্ব শেষ করার পর আত্মহত্যা করেছেন।

অন্যদিকে গাজা যুদ্ধের আগে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন। কিন্তু যুদ্ধ শুরুর পর ২০২৪ সালে ২১ জন এবং ২০২৫ সালে ২২ জন সেনা আত্মহত্যা করেন, যা ছিল বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে আরও ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। 

বিশ্লেষক এবং সামরিক প্রতিবেদন অনুযায়ী— টানা যুদ্ধ, যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতা, সহযোদ্ধাদের মৃত্যু, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণেই সেনাদের মধ্যে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এসব আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে, তবু একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে— যা এই সংকটের তীব্রতা ও ব্যাপকতা তুলে ধরছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, কয়েকজন সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে। যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও তার কারণ প্রকাশ না পায়।

সূত্র: আনাদোলু

এমএইচআর