আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
প্রেমের টানে বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসার ঘটনা নতুন কিছু নয়। এমন চটকদার ঘটনা প্রায়ই সংবাদের শিরোনাম হয়। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানের সুন্দরী এক ভ্লগার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন ওই পাক সুন্দরী। তবে বিয়েটা বাংলাদেশে হয়েছে, নাকি পাকিস্তানে- এ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে জানা যাচ্ছে, পাকিস্তানি ওই ভ্লগারের নাম রুবিনা মারুফ।
আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘একজন বাংলাদেশিকে বিয়ে করলাম। পুরো প্রক্রিয়াটির ওপর ভরসা রাখা সবসময় সহজ ছিল না। তবে আমার জীবনের পথ যেদিকে যাওয়ার কথা ছিল, তা মেনে নেওয়া আমাকে এমন এক আনন্দ দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
নিজের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের অনুভূতি প্রকাশ করে রুবিনা আরও লেখেন, ‘নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখতে পাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় আশ্বাস ছিল।’
তার কথায়, ‘সীমান্তের গণ্ডি পেরিয়ে যাওয়া এই ভালোবাসা, নতুন সূচনা এবং একজন বাংলাদেশি জীবনসঙ্গী পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমার হৃদয় আজ পরিপূর্ণ, আমার বাবা-মা অত্যন্ত আনন্দিত এবং জীবনের বাকি দিনগুলোর জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’
রুবিনার এই সুন্দর পরিণয়ের নেপথ্যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক ও পারিবারিক টান। তিনি পাকিস্তানি ভ্লগার হিসেবে পরিচিতি পেলেও জন্মসূত্রে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর।
জানা গেছে, ১৯৬৮ সালে রুবিনার বাবা যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে পাড়ি জমান এবং সেখানেই পরবর্তীতে স্থায়ী হয়ে সংসার শুরু করেন। বহু বছর পর বাবার সেই স্মৃতিবিজড়িত প্রিয় মাতৃভূমির এক যুবকের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।
আরও জানা গেছে, বর্তমানে করপোরেট খাতে কর্মরত রুবিনা। পাশাপাশি করেন ভ্লগিং। তিনি পাকিস্তান ও বাংলাদেশ—উভয় দেশের দর্শকদের জন্য ভ্রমণ, সংস্কৃতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নানা ধরনের কনটেন্ট তৈরি করেন।
তবে সবকিছুকে ছাপিয়ে একজন বাংলাদেশি যুবকের সঙ্গে তার বিয়ে দ্রুতই দুই প্রতিবেশী দেশের মধ্যে আন্তঃসীমান্ত সাংস্কৃতিক সংযোগ ও জনগণের মধ্যকার সম্পর্কের একটি বহুল আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।
এএইচ