আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
বিমানের ভেতর ধোঁয়া দেখতে পেয়ে গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করতে বাধ্য হয়েছে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
বিমানটি ভারতের মুম্বাই শহর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দিকে রওনা হয়েছিল। খবর গালফ নিউজের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) ১৯৪ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল ৬ই ১৪৫২।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটির কার্গো অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে তা পাইলটকে জানান একজন ক্রু।
তারপর পাইলট তাৎক্ষণিকভাবে গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বিমানের ১৯৪ জন যাত্রীর সবাই সম্পূর্ণ অক্ষত ছিলেন। রাজকোট বিমানবন্দরে নামার পর তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
ঠিক কী কারণে বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া উঠছিল— সে সম্পর্কে কিছু জানা যায়নি। ইন্ডিগো এয়ারলাইন্স থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ধোঁয়ার উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ইন্ডিগো এয়ারলাইন্স ভারতের অন্যতম প্রথম সারির বিমান পরিষেবা সংস্থা। ভারতের অভ্যন্তরে ৮০টি এবং আন্তর্জাতিক পর্যায়ে ৩০টি গন্তব্যে যায় এই সংস্থার উড়োজাহাজ।
-এমএমএস