আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ এএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ১২ সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ হামলাকারীও নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্তবর্তী টাংক জেলার একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাতে হামলাটি হয়। হামলাকারীরা প্রথমে চৌকির দেয়াল ভেদ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির বাইরের দেয়ালে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ১২ সেনাসদস্যসহ ১৫ জন নিহত হন।
হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসীরা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, হামলায় চারজন আত্মঘাতী বোমা হামলাকারী অংশ নিয়েছিল।
২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে টিটিপি। দেশটির সরকারের অভিযোগ, আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে অবস্থান করে গোষ্ঠীটির সদস্যরা পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নিয়ে থাকে।
এআরএম