Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করেন তিনি। 

পাকিস্তান-বাংলাদেশ-নেপালে যেমন গণআন্দোলন হয়েছিল, বিরোধীরা সেই একই পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছে দাবি করে দিলীপ ঘোষ বলেন, “দিল্লির যন্তর মন্তরে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে যে আন্দোলন চলছে, তার উদ্দেশ্য হলো ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। অতীতেও এমন চেষ্টা হয়েছে এবং তা সফল হয়নি, এবারও হবে না।’

বিজেপি নেতা অভিযোগ করেন, ‘এই আন্দোলনকারীরা মূলত পেশাদার ‘আন্দোলনজীবী’, যারা অতীতে কৃষক আন্দোলন বা নারী আন্দোলন করেছিল, তারাই এখন ছাত্র আন্দোলনের নামে একই ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

আন্দোলনকারীদের ‘বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল’ ও ‘দালাল’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘তারা হলো বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল, তাদের পেছনে দেশের মানুষ নেই, জনতা নেই। কিছু দালাল টাইপের লোক বিদেশের হয়ে কাজ করছে আর সামনে এসে লাফাচ্ছে। সাধারণ মানুষ এদের চিনে গেছে। শুরুতে যারা আন্দোলনে এসেছিল, সেই সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে যে তাদের বলির পাঁঠা বানানো হচ্ছে।’

দিলীপ অভিযোগ করেন, ‘আন্দোলনকারীরা চাইছে সরকার কোনো কড়া সিদ্ধান্ত নিক, আর সেটাকে হাতিয়ার করে তারা সারা দেশে আবার হট্টগোল করবে। তবে আমি মনে করিয়ে দিতে চাই কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকার রয়েছে এবং তারা যথাসময়ে কঠোর ও সঠিক সিদ্ধান্ত নেবেন।’ 

রাহুল গান্ধী ও বিরোধী নেতাদের আক্রমণ করে তিনি বলেন, ‘রাহুল গান্ধী এর আগেও মোদিজির মা সম্পর্কে কী বলেছেন তা সবার জানা। এখন যেসব নেতা বড় বড় বক্তব্য দিচ্ছেন, তাদের কোনো লজ্জা নেই। কারণ এদের সংসার চলে অন্যের টাকায়। এরা তো শুধু অন্যদের মাইকের স্পিকার হিসেবে কথা বলে। অনেক বিদেশি শক্তি রয়েছে, যারা ভারতের উন্নয়ন ও ঐক্য চায় না। তারা এদের দাবার ঘুটি হিসেবে ব্যবহার করছে’।

এদিকে পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর এ ধরণের মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

সূত্র: টিভি৯, জি নিউজ

এমএইচআর