আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হলে সঙ্গে সঙ্গেই তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (১৫ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন।
সম্প্রতি মালয়েশিয়ার বেশকিছু গণমাধ্যমে দাবি করা হয়, কিছু ইসরায়েলি নাগরিক দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে অবস্থিত একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তি কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-এর কার্যক্রমে অংশ নিয়েছেন।
জোহর রাজ্যের সরকার বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোকে অনুরোধ জানানোর পর দেশটির নিরাপত্তা বিভাগগুলো এ বিষয়ে গভীর তদন্ত শুরু করেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দেন, ‘যদি কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হয়, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। কারণ মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না’।
এ বিষয়ে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
প্রসঙ্গত, ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই। দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশেষ সরকারি অনুমতি ছাড়া ইসরায়েলের পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
জোহরের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজী বলেছেন, ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নিতে দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে।
সূত্র: মালয় মেইল, আনাদোলু
এমএইচআর