আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক সিরিয়া সফর চলাকালীন দেশটির রাজধানী দামেস্কে জোড়া বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। তবে এই হামলায় ম্যাক্রোঁ বা তাঁর সফরসঙ্গীদের কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে দামেস্কের কেন্দ্রস্থলে বিলাসবহুল ফোর সিজনস হোটেলের মাত্র ১২৫ মিটার দূরে শুকরি আল-কুয়াতলি স্ট্রিটের ফুটপাথে বিস্ফোরণ দুটি ঘটে। আন্তর্জাতিক হোটেলের কাছেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হোটেলেই ফরাসি প্রেসিডেন্টের অবস্থান করার কথা ছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সাধারণ উপায়ে হাতে তৈরি দুটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি রাস্তার পাশে পার্ক করা গাড়িতে এবং অন্যটি একটি ডাস্টবিনে লুকিয়ে রাখা ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
এদিকে ফরাসি প্রেসিডেন্টর কার্যালয়- এলিসি প্রাসাদ নিশ্চিত করেছে, বিস্ফোরণের সময় ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট প্রাসাদের পথে ছিলেন এবং তিনি বিস্ফোরণের শব্দও শোনেননি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও ফরাসি প্রেসিডেন্টের পূর্বনির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি এবং আল-শারা-এর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
প্রসঙ্গত, সিরিয়ার দীর্ঘদিনের বিতর্কিত সাবেক শাসক বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের পতনের পর ম্যাক্রোঁই প্রথম কোনো শীর্ষস্থানীয় ইউরোপীয় নেতা, যিনি দামেস্ক সফরে এসেছেন। তবে এই সফরের মাত্র কয়েক দিন আগেও দামেস্কের একটি ক্যাফেতে আরেকটি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছিলেন।
বিশ্লেষকরা বলছেন, আজকের এই জোড়া বিস্ফোরণ নতুন সিরিয়া সরকারের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার বিশ্বকে দেখাতে চেয়েছিল যে সিরিয়ায় এখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। তবে হামলাকারীরা এই বার্তার দিতে চেয়েছে যে—সিরিয়া এখনো নিরাপদ নয়।
সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই
এমএইআর