আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি ব্যস্ত ক্যাফেতে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিস-এর (আদালত ভবন) কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি আদালত ভবনটির প্রধান প্রবেশদ্বার থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত।
আদালতে কাজ সারতে লোকজন এই প্রবেশপথটি ব্যবহার করে। আদালতের অনেক কর্মচারী, সেইসাথে আদালতে আসা লোকজনও এই ক্যাফেতে বসেন। বিস্ফোরণের সময়ও ক্যাফেটিতে বহু মানুষ অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিওতে বিস্ফোরণের পর ক্যাফের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখা গেছে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ডা. আহমেদ আল-বাকুর বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত পাশের আল-মুজতাহিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকারের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তবে নিরাপত্তা সূত্র জানিয়েছে, এক ব্যক্তি ক্যাফেতে ঢুকে একটি টেবিলের নিচে হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র রেখে যায় এবং তারপর আদালত ভবনে পৌঁছানোর ও সম্ভবত আরও হামলা চালানোর উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যায়।
দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, ‘বিস্ফোরণে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আগামী কয়েক ঘণ্টায় সবকিছু প্রকাশ পাবে এবং যারা সিরীয়দের রক্ত ঝরিয়েছে তাদের মূল্য দিতে হবে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে দামেস্ক কয়েকটি হামলার শিকার হয়েছে। গত ১৯ মে দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনের বাইরে একটি গাড়ি বোমা হামলায় একজন সিরীয় সৈন্য নিহত এবং আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
এমএইচআর