Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি নেতাদের ট্রাম্পের ‘পোষা প্রাণী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

ইসরায়েলের নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পোষা প্রাণী’ হিসেবে আখ্যায়িত করে তীব্র কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর শর্তগুলো সবার জন্য একদম স্পষ্ট এবং সকলের দেখার জন্য উন্মুক্ত। এই চুক্তির অধীনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘তেল আবিবের পোষা প্রাণীদের’ (ইসরায়েলি নেতাদের) নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছেন। ইসরায়েলি নেতারা যদি তাদের ‘মনিব’ ট্রাম্পের নির্দেশ অমান্য করে, তবে ইরান তাদের উপযুক্ত শিক্ষা দেবে।”

আরাঘচি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক শক্তিশালী জবাব দেওয়া হবে।’

মূলত, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি মন্তব্য করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাদের ‘হত্যার তালিকায়’ রয়েছেন। কাটজের এই আক্রমণাত্মক মন্তব্যের জবাবেই তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি দিলেন 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

প্রসঙ্গত, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরবর্তীতে গত ১৭ জুন স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্যে দুই দেশ ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করে উভয় পক্ষ। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের একে অপরের ওপর হামলা চালানো নিষিদ্ধ। 

তবে ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষরকারী না হওয়ায় তারা ইরানের নেতাদের হত্যা ও দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি বজায় রেখেছে। 

গতকাল মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে প্রয়োজনে দেশটিতে তৃতীয় দফায় সামরিক হামলা চালানো হবে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে কোনো মুহূর্তে তেহরানের হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। 

সূত্র: আলজাজিরা

এমএইচআর