আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬, ০১:২০ এএম
ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশ তিনটির নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রতিবেদনে বলা হয়, এই তিন দেশ থেকে অন্য কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে আসতে চাইলেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্যও সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদানের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন এসব ব্যবস্থা কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে।
সূত্র: গালফ নিউজ
এমআই