Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২৬, ০২:২৪ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। খবর  দ্য টেলিগ্রাফের।

নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। 

উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন এবং ঘটনাকালে সীমান্ত টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে দায়িত্ব পালন করছিলেন তিনি। 

এ সময় এলাকাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়। সীমান্তের ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে নজরদারির সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন দুবে।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নৌকায় করে গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

-এমএমএস