images

আন্তর্জাতিক

পুরো লেবাননকে পুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

দক্ষিণ লেবাননে চারজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর প্রতিশোধ হিসেবে পুরো লেবাননকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিতের কাছে একটি অভিযান চলাকালে তাদের ট্যাংকে হামলা হলে চারজন সৈন্য নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।

ইসরায়েলি সেনাদের হতাহতের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বেন-গভির বলেন, ‘একজন ইসরায়েলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জন্য হাজারো লেবানিজ মাকে কাঁদতে হবে। পুরো লেবাননকে পুড়তে হবে।’

কট্টর ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী আরও বলেন, ‘আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে সমগ্র বিশ্বের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত ​​এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়।’

এরআগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল তার সৈন্যদের বা ভূখণ্ডের ওপর কোনো হামলা বরদাস্ত করবে না এবং এই হামলাগুলোর জন্য হিজবুল্লাহর কাছ থেকে অত্যন্ত কঠোর মূল্য আদায় করবে।’

পৃথক ভাবে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই যুদ্ধংদেহী মনোভাবের প্রতিধ্বনি করে বলেছেন, ‘এখন আগুন নিয়ে কথা বলার এবং নরকের দরজা খুলে দেওয়ার সময় এসেছে’।

এদিকে বেন গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

এক্স দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এটি কোনো গণহত্যাকামী উন্মাদের প্রলাপ নয়। এটি ইসরায়েলি শাসকগোষ্ঠীর জাতীয় নিরাপত্তা মন্ত্রীর একটি প্রকাশ্য হুমকি। তেল আবিবে সদর দফতর অবস্থিত এই গণহত্যাকামী মৃত্যু-উপাসক গোষ্ঠীটি সমগ্র মানবজাতির জন্য একটি হুমকি। এটি সকল মানুষের জন্য হুমকি। এর একমাত্র উদ্দেশ্য হলো স্থায়ী যুদ্ধ।’ 

প্রসঙ্গত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল। ফলে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়েছে এবং আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

সূত্র: আরব নিউজ

এমএইচআর