আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা হঠাৎ বাতিল এবং লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার সকাল ৭টায় (জিএমটি) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ ডলার থেকে বেড়ে প্রায় ৮০.১১ ডলারে লেনদেন হয়েছে, যা গত বুধবারের পর সর্বোচ্চ।
অন্যদিকে জুলাই মাসের ডেলিভারির জন্য আমেরিকান বেঞ্চমার্ক মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৭৭.১৮ ডলারে দাঁড়িয়েছে।
মূলত, যুদ্ধের অবসানে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নে আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি আলোচকদের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। এরপর তেলের দাম কিছুটা বেড়েছে।
এই আলোচনা বাতিলের ফলে মার্কিন-ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পরবর্তী কূটনৈতিক পর্যায় নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়াও আলোচনা বাতিলের ঠিক আগমুহূর্তে লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয় এবং জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে নাবাতিয়া শহর ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে ইরানি প্রতিনিধি দলও শেষ মুহূর্তে সুইজারল্যান্ডে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত হওয়ার পর বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ, সতর্কতা এবং চরম সংশয় তৈরি হয়েছে। ফলে গত সপ্তাহের চুক্তি স্বাক্ষরের পর বাজারে যে স্বস্তি ফিরেছিল, তা এখন কিছুটা ফিকে হয়ে গেছে।
তবে আশার বিষয় হলো- বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলের জন্য এখনও উন্মুক্ত আছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর