images

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বৈঠক বাতিল, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০২৬, ০৫:০২ পিএম

যুদ্ধের অবসানে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নে আজ শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি আলোচকদের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। এতে আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

কয়েক সপ্তাহের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। বুধবার এটি ইলেকট্রনিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন। মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এই সমঝোতার পর এখন ৬০ দিনের মধ্যে ‘চূড়ান্ত চুক্তি’ নিয়ে আলোচনার পথ তৈরি হবে। এতে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান। 

সুইজারল্যান্ডের পার্বত্য রিসোর্ট শহর বুর্গেনস্টক কারিগরি আলোচনা শুরুর প্রস্তুতি যখন অনেকটাই এগিয়ে গিয়েছিল, ঠিক তখনই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার জানান, তিনি এই বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার প্রস্তুতি ও লজিস্টিকস চূড়ান্ত না হওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর নির্ধারিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। 

অন্যদিকে, সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে ইরানি প্রতিনিধি দলও শেষ মুহূর্তে সুইজারল্যান্ডে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তেহরানের একটি সূত্র নিশ্চিত করেছে, ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফও এই বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করছেন।

সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত করা হয়েছে। যদিও তারা আলোচনা সফল করতে এখনও পুরোপুরি প্রস্তুত এবং পর্দার আড়ালে প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তবে পরবর্তী বৈঠকের তারিখ সম্পূর্ণভাবে ওয়াশিংটন ও তেহরানের পারস্পরিক সম্মতির ওপর নির্ভর করছে।

এরআগে সুইজারল্যান্ডে জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়। বুধবার ঐতিহাসিক সমঝোতা স্মারকটি ইতিমধ্যে দুই দেশের প্রেসিডেন্ট কর্তৃক স্বাক্ষরিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তবে আলোচনা বাতিল ও নতুন কোনো তারিখ এখনও ঘোষণা না করার ফলে ইরান-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সূত্র: রয়টার্স

এমএইচআর