আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানায় বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাতে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত গোপন আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়েছে আফগান বাহিনী’। তবে কীভাবে এই হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি মন্ত্রণালয়।
লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই, তবে তাদের কাছে অন্তত ছয়টি সামরিক বিমান এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা যায়। এছাড়াও তালেবান বাহিনীর কাছে ড্রোনও রয়েছে, যা পাকিস্তানের সঙ্গে সংঘাতে আগেও ব্যবহার করেছে তালেবানরা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘাঁটিগুলো নির্দিষ্ট কিছু শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের সহযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয় ব্যবহৃত হতো এবং বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘাঁটি হিসেবে কাজ করেছিল।’
হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তালেবান সরকার দাবি করেছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী- অভিযানে পূর্বনির্ধারিত মূল লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানা হয়েছে।’
এদিকে এই হামলার বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা ও তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম দিকে পাকিস্তান তাদের সমর্থন করলেও, পরবর্তীতে সীমান্ত দিয়ে সন্ত্রাসী অনুপ্রবেশ ও হামলা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের দূরত্ব বাড়তে থাকে।
পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের মাটিতে নিরাপদ আশ্রয় পেয়ে সেখান থেকে পাকিস্তানে বড় বড় আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করলেও এনিয়ে ২০২৫ সালের অক্টোবর থেকে বেশ কয়েকদফায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে। এর জবাবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে এটি সরাসরি প্রকাশ্য সংঘাতে রূপ নেয়।
চীনের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো ফল দেয়নি। গত সপ্তাহেও পাকিস্তান আফগান দুই প্রদেশে বিমান হামলা চালিয়েছে। তালেবানের সরকারের দাবি, এই হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর