images

আন্তর্জাতিক

ভারতে বিজেপি নেতাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০২৬, ০৫:২০ পিএম

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে গাড়ির ভেতর জ্যান্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে রাজ্যের কোরিয়া জেলার সোনহাট থানার নওগাইন গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত মূল ব্যক্তি হলেন স্থানীয় বিজেপি নেতা এবং সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। অপর দুজন হলেন ভারত সিংয়ের আপন ভাই বীরেন্দ্র সিং এবং চাচাতো ভাই নগেন্দ্র সিং, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক।

এই ঘটনায় মায়াঙ্ক সিং নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার মাথা ও মুখে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালু মহাল ও ক্রাশার পরিচালনা এবং বালু পরিবহন ও খনি সংশ্লিষ্ট ‌অবৈধ চাঁদা ভাগ বাটোয়ারা নিয়ে ভারত সিং ও স্থানীয় আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাতে ভারত সিং বালু মহালের একটি দীর্ঘদিনের বিরোধ মেটানোর উদ্দেশ্যে তার ফরচুনার এসইউভি গাড়ি নিয়ে নওগাইন এলাকায় যান। তবে তিনি আসলে সুপরিকল্পিত ফাঁদে পা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

image

সেখানে পৌঁছামাত্রই বিপক্ষ দল ত্রিপাঠী পরিবারের ডাম্পার ট্রাক দিয়ে তার গাড়িটিকে সামনে ও পিছন থেকে আটকে দেয়। এরপর কোনো রকম পালানোর সুযোগ না দিয়ে গাড়িটির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে হত্যা এবং হত্যার চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ । ইতিমধ্যে অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী এবং মন্নু ত্রিপাঠী নামে চার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এদিকে এ ঘটনার পর থেকেই এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এমএইচআর