images

আন্তর্জাতিক

মাংস বিক্রির উদ্দেশ্যে ৪০০ বিড়াল চুরি, অতঃপর... 

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে হো চি মিন সিটিতে মাংস বিক্রির জন্য উদ্দেশ্যে চুরি করা ৪০০টিরও বেশি জীবিত বিড়াল উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় বিড়াল চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ জুন) দেশটির একটি প্রাণীকল্যাণ সংস্থা এই তথ্য জানায়।

হো চি মিন সিটি পুলিশের তথ্য অনুসারে, গত সপ্তাহে তায় নিনহ প্রদেশ ও হো চি মিন সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপরাধ চক্রটির আস্তানা থেকে ৪০০-এর বেশি জীবিত বিড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি বরফ দিয়ে ফ্রিজআপ করা অবস্থায় প্রায় ৮০টি মৃত বিড়াল উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আরও ২১টি বিড়াল আলাদা একটি জায়গা থেকে জব্দ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হো চি মিন সিটিতে একের পর এক পোষা প্রাণী চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে ১১ জুন পুলিশ এই চক্রের সন্ধান পায়। 

পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা গত ৩ বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে মানুষের পোষা বিড়াল ও রাস্তার বিড়াল চুরি করে আসছিল। পরে বিড়ালগুলোকে খাঁচায় বন্দি করে রাখত এবং নির্দিষ্ট পরিমাণ জমলে প্রতি কেজি প্রায় ২.৬০ মার্কিন ডলার (প্রায় ৭০,০০০ ভিয়েতনামী ডং) দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। 

দেশটির একটি প্রাণীকল্যাণ সংস্থা- হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস জানিয়েছে, প্রাণীকল্যাণ সংস্থাগুলোর সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৪০টি বিড়াল তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে. বাকি বিড়ালগুলোর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় পশুচিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা।

প্রসঙ্গত, ভিয়েতনামে বিড়াল ও কুকুরের মাংস খাওয়া আইনগতভাবে বৈধ। এসব প্রানীর মাংস বিক্রির জন্য বিক্রেতাদের কাছে প্রাণীর উৎসের সঠিক আইনি প্রমাণ বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু এই চক্রটি সম্পূর্ণ অবৈধভাবে পোষা প্রাণী চুরি করে সরবরাহ করছিল। 

সূত্র: বিবিসি

এমএইচআর