আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৫:২২ পিএম
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিংহাই-এর হাইশি প্রিফেকচারে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিটিজিএন।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে ভূমিকম্পটি দুর্গম উচ্চভূমি এলাকায় আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি আফটারশক শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিল প্রায় ৫।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে মূল্যায়ন শুরু করেছে।
প্রসঙ্গত, হাইসি এলাকাটি খনিজ সমৃদ্ধ। সেখানে মূলত জিংক শোধনাগার রয়েছে। তবে এই ভূমিকম্পের ফলে খনিগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা উৎপাদন ব্যাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স, সিটিজিএন
এমএইচআর