images

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (১৬ জুন) তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

আরাঘচি বলেন, ‘তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্ত’।

তিনি সতর্ক করেন, এখন থেকে লেবাননে ইসরায়েলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখা “আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে”।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা ‘সন্ত্রাসীদের’ ওপর তারা হামলা চালিয়েছে, এমন দাবি করার প্রেক্ষাপটে আরাঘচির এই মন্তব্য এসেছে।

লেবাননের হিজবুল্লাহও জানিয়েছে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির তোয়াক্কা না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা তাদের নেই।

দখলদার প্রধানমন্ত্রীর দাবি, যতদিন প্রয়োজন ইসরায়েলি বাহিনী লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের 'অভিযান চালানোর স্বাধীনতা' বজায় থাকবে।

নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রী ও বহু কর্মকর্তা ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করার পর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইরানের পক্ষে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে চলমান ইসরায়েলি হামলায় লেবাননে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ বলে আসছে ইরান। 

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর